এইমাত্র পাওয়া

গণপরিবহন বন্ধে ২৬ নিয়োগ পরীক্ষার্থীর কী হবে?

নিউজ ডেস্ক।।

শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গণপরিবহন ও পণ্যপরিবহন সংশ্লিষ্টরা। আবার ওইদিন বিভিন্ন পদে অনুষ্ঠিত হবে সরকারের বিভিন্ন দপ্তরের ২৬ নিয়োগ পরীক্ষা।

এমন অবস্থায় কীভাবে পরীক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। তারা বলছেন, গাড়ি না চললে পরীক্ষায় অংশ নেয়া যাবে না। একইসঙ্গে বিড়ম্বনায় পড়বে লাখো বেকার তরুণ। এ বিষয়ে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে ২৬ নিয়োগ পরীক্ষা। এর মধ্যে ১৭টি সকালে, ৯টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে।

সকালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, কর কমিশনারের কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সিলেট শ্রম আদালত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, খাদ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরীক্ষা।

বিকেলে আছে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী উন্নয়ন অ্যাকাডেমি, সিলেট শ্রম আদালত, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পরীক্ষা।

চাকরিপ্রত্যাশীরা বলেন, বেকারদের অর্থ প্রধানত ব্যয় হয় নিয়োগ পরীক্ষার আবেদন ও পরীক্ষায় অংশ নিতে যাতায়াত ভাড়ায়। এরমধ্যে একই দিন এত পরীক্ষা হলে দেখা যায় ১০ জায়গায় আবেদন করে সুযোগ হচ্ছে মাত্র একটি পরীক্ষা দেয়ার। এরমধ্যে দেশে শুরু হলো পরিবহন ধর্মঘট। অথচ সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এ বিষয়ে বলেন, তেলের দাম বাড়ার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বাড়ার কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। তাই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

মাহাতাব বলেন, হয় তেলের দাম কমাতে হবে, নয়তো ভাড়া বৃদ্ধি করতে হবে। তা না হলে ধর্মঘট চলবে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেলের বর্ধিত মূল্য না কমালে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

পরিবহন মালিক সমিতি জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে পারে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মোবাইলে ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি। পরে জনপ্রশাসনের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাত ৯টার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে মটর শ্রমিক ইউনিয়নের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.