এইমাত্র পাওয়া

নভেম্বরে একাধিক নিম্নচাপ, কমতে পারে তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাস অর্থাৎ নভেম্বরে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে পারে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।

অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

এ মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাস আরও বলা হয়, চলতি মাসে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১ দশমিক ৪ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.