নিজস্ব প্রতিনিধি।।
আরেক দফায় বাড়ানো হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়। এ দফায় আজ রবিবার ফরম পূরণ শুরু হবে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে বাড়ানো হলো ২ নভেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময়। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
এর আগে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সময় বাড়ানো হয়েছিল। এবার বাড়ানো হলো তৃতীয় ধাপের সময়।
এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এক হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে এক হাজার ৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
উল্লেখ্য, এবার অনলাইনে ফি আদায় করছে শিক্ষা বোর্ড। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। শেষ হবে ৩০ ডিসেম্বর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
