এইমাত্র পাওয়া

অনলাইন ক্লাসে অনিহা, স্বশরীরে ক্লাস করতে চায় বুয়েটের শিক্ষার্থীরা

 

অনলাইন ডেস্ক।।

আগামী ১৩ নভেম্বর থেকে অনলাইনেই ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তবে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস-পরীক্ষার দাবি জানিয়েছেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইনে ক্লাসের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনলাইনেই পরের টার্মের ক্লাস শুরু করছি। এখনও ৫০ শতাংশ শিক্ষার্থীই ২ ডোজ টিকা নেয়নি তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’শিক্ষার্থীদের জন্য বুয়েট ক্যাম্পাসে একটি টিকা সেন্টার স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা ১ মাসের মধ্যে শিক্ষার্থীদের দুই ডোজ টিকা নিশ্চিত করে তারপর হল খুলবো।’এদিকে, অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বুয়েটের একাধিক শিক্ষার্থী।

বুয়েট শেষ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই ক্যাম্পাস খুলে ক্লাস-পরীক্ষা শুরু করেছে। যারা টিকা নিয়েছে তাদেরকে হলে ওঠার অনুমতিও দেওয়া হয়েছে। শুধু বুয়েটই এখনও পিছিয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘ঢাবিতে আমরা যেমন দেখেছি টিকা কেন্দ্র করা হয়েছে, যাদের এনআইডি নেই তাদের জন্যও এনআইডি নিবন্ধন কেন্দ্র করা হয়েছে। আমরা শিক্ষকদের কাছে এসব বিষয়ে জানতে চেয়েছিলাম। শিক্ষকরা এ বিষয়ে স্পষ্টভাবে আমাদের কিছুই জানাতে পারেননি।’

বুয়েট শেষ বর্ষের আরেক আবাসিক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে  বলেন, ‘আমাদেরকে গত টার্মেও আশ্বাস দেওয়া হয়েছিল অধিকাংশ শিক্ষার্থী টিকা নিলে হল খুলে দেওয়া হবে। অফলাইনে ক্লাস-পরীক্ষা চলবে। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে একরকম জোর করেই অনলাইনে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এই টার্মেও একই ঘটনা ঘটতে পারে।’

শিক্ষার্থীরা জানান, অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে মৌখিকভাবে জানতে পারলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ পাননি তারা।

উপাচার্য জানান, গত সপ্তাহে বুয়েটের ওয়েবসাইটে অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত জানিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে।

তবে, আজ শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত বুয়েটের ওয়েবসাইটে অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.