অনলাইন ডেস্ক।।
বেশ কয়েক দিন ধরে সারা দেশেই বেশ গরম অনুভূত হচ্ছে। দিনপঞ্জি বলছে, আজ শনিবার আশ্বিনের শেষ দিন। আগামীকাল রোববার থেকে কার্তিক মাস, অর্থাৎ শরৎ শেষে হেমন্তের শুরু। এ সময় শীতের আগমনী বার্তা পাওয়ার কথা থাকলেও গরমে টেকা দায়। দিনের বেলার তাপ তো থাকছেই, রাতেও কমছে না বললেই চলে।
আশ্বিনের শেষ, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এত গরমের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, প্রতিবছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ অতিক্রম করার সময় বৃষ্টি ঝরায়। কিন্তু এবার খুব একটা বৃষ্টি না হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। তাই বেশি গরম অনুভূত হচ্ছে।
৩০ বছরের গড় তাপমাত্রাকে স্বাভাবিক তাপমাত্রা বলেন আবহাওয়াবিদেরা। এ হিসাবে বেশ কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বৃষ্টি না হওয়ায় আর্দ্রতা বেশি। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় এবার বছরের এ সময়ে তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় গরম অনুভূত হচ্ছে। নিম্নচাপের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, জলীয় বাষ্প ও মেঘ থাকে বেশি। বাতাসে সুপ্ত তাপ বেশি থাকে এবং গরম বেশি অনুভূত হয়।
১২ অক্টোবর সকাল নয়টার দিকে বাতাসে আর্দ্রতা ছিল তুলনামূলকভাবে বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সেদিন ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ আর্দ্রতা ছিল গোপালগঞ্জে, ৮৩ শতাংশ। অন্যান্য জায়গার মধ্যে সর্বোচ্চ আর্দ্রতা ছিল নেত্রকোনায় ৮০, ফেনীতে ৯৩, শ্রীমঙ্গলে ৭৭, বদলগাছীতে ৮৭, সৈয়দপুরে ৮০, কুমারখালীতে ৮২ ও ভোলায় ৮৪ শতাংশ।
এ ছাড়া সপ্তাহখানেক ধরে সারা দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। গরম লাগার এটিও একটি কারণ। ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত তাপমাত্রার তুলনা করে দেখা যায়, স্বাভাবিকের চেয়ে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সিলেটে। তাপমাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে ৩ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল তখন।
একই দিন ফেনীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি, ময়মনসিংহে ৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও বরিশালে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
মোহাম্মদ শাহীনুল ইসলাম আরও বলেন, দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু অক্টোবরের শেষার্ধের প্রথম দিকে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। এর সঙ্গে সঙ্গে শীতের আগমনী বার্তা শুরু হবে। আবহাওয়া পূর্বাভাস অনুসারে, আজকের পর সারা দেশেই কমবেশি বৃষ্টি হবে। তখন তাপমাত্রা কমতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
