এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের

নিউজ ডেস্ক।।

দেড় বছরেরও বেশি সময় পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ। প্রথমদিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর কয়েকটি স্কুলের নির্দিষ্ট শ্রেণিতে শতভাগ উপস্থিতির খবরও জানা গেছে।

রাজধানীর একাধিক এলাকায় দেখা গেছে, সকালে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে ঢুকেছে। এসময় তাদের প্রায় সবার মুখেই মাস্ক ছিল। অভিভাবকরাও ছিলেন সচেতন। স্কুল খোলা প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, শিক্ষা কার্যক্রম সচল রাখতে স্কুল-কলেজ খোলার পর শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই মাস্ক পরাসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন শিক্ষা কর্মকর্তারা। স্বয়ং শিক্ষামন্ত্রী দীপু মনিও কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন। এরমধ্যে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষে ময়লা পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া, তদারকির দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তা সেলিনা হোসেনকেও সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘এখন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিট চলবে।’ শিক্ষাবিদদের পরামর্শ অনুযায়ী চলতি শিক্ষাবর্ষ দুই-এক মাস বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী কী ঘাটতি রয়েছে বা কতটুকু হয়েছে, তা মূল্যায়ন করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

দীর্ঘদিন পর সন্তানদের স্কুলে পাঠাতে পেরে আনন্দিত অভিভাবকরাও। তারা বলছেন, করোনা কবে নির্মূল হবে, তার নিশ্চয়তা নেই। শিক্ষার্থীরা দীর্ঘদিন ঘরবন্দি থেকে হাঁপিয়ে উঠেছিল। স্বাস্থ্যবিধি মেনে সন্তানকে স্কুলে পাঠাতে পেরে তারাও খুশি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.