নিজস্ব প্রতিবেদক।।
পুলিশ ও ইসির কর্মকতাদের অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসি বিটের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। মানবন্ধন থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে সকল প্রকার হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সাংবাদিক নেতারা। এসময় ইসি বিটে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ে ৪ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- তদন্ত করে সাম্প্রতিক হয়রানির ঘটনায় জড়িত ইসির কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের প্রত্যাহার করে শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশনে বিটে কর্মরত সব গণমাধ্যম কর্মীকে মুক্তভাবে নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহ করার নিশ্চয়তা প্রদান, সকল প্রকার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের নির্বাচন ভবনে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। ইসি বিটে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, সংবাদ সংস্থা ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশ নেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বর্তমান এবং সাবেক নেতারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এসময় বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কর আলী শুভ, বিএফইউজে কোষাধক্ষ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ডিআরইউ এর সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সাবেক ডিআরইউ নেত্রী শাহনাজ শারমিন, ডিইউজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আছাদুজ্জামান, নির্বাহী পরিষদ সদস্য রাজু হামিদ, সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহ-সভাপতি রাশেদুল হক, সাংবাদিক নেতা অমরেশ রায়, সচিবালয় বিটের সংগঠন বিএসআরএফ এর কার্য নির্বাহী সদস্য শাহজাহান মোল্লা প্রমুখ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিদিনের সংবাদ সম্পাদক ও ইসি বিটের সিনিয়র সাংবাদিক শেখ নজরুল ইসলাম। পরিচালনা করেন প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার গাজী শাহ নেওয়াজ। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
