নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, দেশ ও জাতির স্বার্থে অনতিবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত। কোভিড-১৯ ভাইরাসের অজুহাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ২০ মাস ধরে বন্ধ রয়েছে। এর কারণে বাস্তবিক অর্থেই দেশের শিক্ষাব্যবস্থা চরম নাজুক পরিস্থিতির শিকার হয়েছে। দেশের ভবিষ্যৎ যোগ্য নাগরিক সৃষ্টিতে বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অন্য দিকে সরকার অনলাইন শিক্ষাব্যবস্থার কথা বলে থাকলেও বাংলাদেশের শতকরা ৮০ ভাগ গ্রামীণ মানুষের জীবনযাত্রা দারিদ্র্যসীমার নিচে থাকে। যেখানে মানুষের সব সুযোগ-সুবিধা বিদ্যমান নেই। এ জন্য দেশের সচেতন মানুষের সাথে সর্বপ্রথম দেশপ্রেমিক সরকারের ভূমিকা নেয়া অতি জরুরি।
গতকাল সোমবার ‘শিক্ষা গবেষণা সংসদ’ ঢাকার উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ ও জুম প্লাটফর্মে ‘সঙ্কটাপন্ন শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে এবং শিক্ষা গবেষণা সংসদ ঢাকার চিফ কো-অর্ডিনেটর প্রফেসর নূর নবী মানিকের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ বিশিষ্ট শিক্ষাবিদ বর্ষীয়ান আলেম ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপ্যাল মাওলানা মো: জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ড. নিজাম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফজলুল করিম, ড. ইকবাল হোসেন ভূঁইয়াসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, লুমফেন বুর্জোয়া মার্কা সরকার যদি সত্যিকার অর্থে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জাতিকে চরম মূল্য দিতে হবে। ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা নিয়ে সরকারি তামাশা অনুগ্রহ করে বন্ধ করুন। সেই সাথে দেশে চলমান কুদরতে খোদা শিক্ষা কমিশন বাস্তবায়নের নামে মানুষের মাঝে ধর্মনিরপেক্ষ মতবাদ ছড়িয়ে দেয়া জাতির মূল্যবোধ ধ্বংসের গভীর ষড়যন্ত্রেরই নামান্তর। শিক্ষা ও নৈতিকতা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো। মানবিক নৈতিকতা ছাড়া শিক্ষা কুশিক্ষার নামান্তর, যা মানুষকে পশুর চেয়েও নিম্নস্তরে নামিয়ে ফেলে। আর মানবিক নৈতিকতাপূর্ণ শিক্ষা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত রাখে। আমরা সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা রাখি। অতি দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে দাবি করে তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতির মধ্যেও দেশের হাটবাজার, ব্যবসাবাণিজ্য সবকিছু যেখানে স্বাভাবিকভাবেই সম্পন্ন হচ্ছে; সেখানে শিক্ষার মতো অতি জরুরি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কেন বন্ধ রয়েছে! ছাত্রছাত্রীদের বিকাশে কেন এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই কালবিলম্ব না করে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা তথা নৈতিক চরিত্র গঠনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মানোন্নয়নে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা ও চর্চার গুরুত্ব অপরিসীম। যে শিক্ষা মানুষের বুদ্ধির বিকাশ বা হৃদয়বৃত্তির বিকাশ ঘটাতে সক্ষম হয় না সেই শিক্ষা শিক্ষাই নয়। দেশ ও আগামীর আলোকিত নাগরিক তৈরিতে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থী, অভিভাবকসহ সব সুধীজনকে এগিয়ে আসতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
