কাবুল বিমানবন্দরে হামলা চালাতে যাওয়ার সময় আত্মঘাতী হামলাকারীদের গাড়ি লক্ষ্য করে ড্রোন চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ওই হামলা চালানো হয় বলে তালেবানের এক মুখপাত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে মার্কিন কর্মকর্তারা জানান, কয়েকজন আইএস জঙ্গিদের বহন করছিল গাড়িটি। ড্রোন হামলার কারণে গাড়িটি থেকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে গাড়িটিতে বিপুল সংখ্যক বিস্ফোরক বহন করা হচ্ছিল।
যুক্তেরাষ্ট্রের ধারণা ড্রোন হামলায় আত্মঘাতী হামলাকারীরা নিহত হয়েছে। দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
অন্যদিকে স্থানীয় সময় রোববার বিকেলে একটি রকেট কাবুল বিমানবন্দরের পাশে একটি আবাসিক এলাকার এক বাড়িতে আঘাত হানে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ওই হামলায় এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওই দুই হামলাকে পৃথক ঘটনা বলে মনে করা হচ্ছে।
কাবুল বিমানবন্দরে ফের বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুশিয়ারির পর সেখানে এই হামলার ঘটনা ঘটল।
বাইডেন জানিয়েছিলেন, রোববারই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন।
সুনির্দিষ্ট হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
কাবুলে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জনের মৃত্যু হয়।ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় একটি শাখা-ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছিল।
পাল্টা জবাব হিসেবে শুক্রবারে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে শীর্ষস্থানীয় দুই আইএস-কে নেতাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই দুজন ব্যক্তি পরিকল্পনাকারী ও পরিকল্পনা বাস্তবায়নকারী বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। তবে কাবুল বিমানবন্দরে হামলার সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন কিনা, তা পরিষ্কার নয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
