নিউজ ডেস্ক।।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতিবাদী ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ক্লাস নেবেন তিনি।
বুধবার দুপুর থেকে অধ্যাপক রায়হান রাইনের প্রতিবাদী এই ক্লাস নেয়ার ঘোষণা সংক্রান্ত একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।
এ বিষয় অধ্যাপক রায়হান রাইন বলেন, দীর্ঘদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুরো শিক্ষাব্যবস্থা উল্টেপাল্টে গেছে। আমরা প্রতিবাদের জায়গা থেকে প্রতিকী ক্লাস নিচ্ছি। যাতে করে সরকার খুব দ্রুত সশরীরে উপস্থিতির মাধ্যমে পাঠদান চালু করে, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি সরকার কলকারখানা কিংবা অন্যান্য প্রতিষ্ঠান খুলতে উদ্যোগী হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করছে না। ভ্যাকসিন কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। কিন্তু সরকার চাইলে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারতো।
এর আগে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছতলায় ক্লাস নিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
করোনা সংক্রমণের পর থেকে ১৭ মাস যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিয়েও পরে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
