নিউজ ডেস্ক।।
দীর্ঘ দেড় বছর পর আগামী সেপ্টেম্বর মাসেই খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে সশরীরে ক্লাস ও পরীক্ষার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ। পাশাপাশি এ বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়ার সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত। তবে সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নেমে না আসা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছুটি আরও বাড়ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।সে অনুযায়ি আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। যখনই পরিস্থিতি অনুকূলে আসবে, তখনই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
গতকাল সোমবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম (কর্মসূচি) ঠিক করছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকেও কথা হয়েছে। তারা প্রোগ্রাম ঠিক করছে-কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানাবে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলবে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে দাবি সবচেয়ে বেশি জোরালো। এই পরিস্থিতির মধ্যে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
