এইমাত্র পাওয়া

সম্মতি ছাড়া মন্ত্রণালয়ের কমিটিতে থাকতে পারবেনা ডিসিরা

অনলাইন ডেস্ক।।
মন্ত্রণালয় বা বিভাগের কোনো কমিটি গঠন করার সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা মাঠ প্রশাসনের অন্য কোনো কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে সম্প্রতি মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং অধিদফতর/সংস্থা কর্তৃক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কে অবহিত না থাকায় নানা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন) অনুযায়ী, বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ প্রশাসন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় মন্ত্রিপরিষদ বিভাগের কার্যপরিধিভুক্ত।
এক্ষেত্রে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত কোনো কমিটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণের আবশ্যকতা রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অধিদফতর বা সংস্থা কর্তৃক সরাসরি এ ধরনের কোনো কমিটি গঠন সমীচীন নয়।
আগেও এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।
এ অবস্থায় মন্ত্রণালয় বা বিভাগের কোনো কমিটি গঠনকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা মাঠ প্রশাসনের অন্য কোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে পরিপত্র অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণের জন্য চিঠিতে বলা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.