এইমাত্র পাওয়া

বিদেশি মুসল্লিরা সোমবার থেকে ওমরার আবেদন করতে পারবেন

নিউজ ডেস্ক।।

প্রায় দেড় বছর পর বিদেশি মুসল্লিদের জন্য ওমরার পথ খুলে দিচ্ছে সৌদি আরব। সোমবার থেকে ওমরার জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন দেশের আগ্রহীরা।

রোববার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনার মোকাবিলায় ওমরা যাত্রীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব। দেশটির শর্ত অনুযায়ী টিকা সনদ না থাকলে আবেদন করা যাবে না। ওমরার আবেদনের সঙ্গে টিকা সনদ যুক্ত করতে হবে।

করোনা মহামারি আকার ধারণ করার পর থেকে প্রাণঘাতী এই ভাইরাসটির বিস্তার ঠেকাতে সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি সরকার।

রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ওমরা পালনে আপাতত প্রতি মাসে ৬০ হাজার আবেদন গ্রহণ করবে রিয়াদ। তবে ধাপে ধাপে এ সংখ্যা বাড়িয়ে ২০ লাখে নেওয়া হবে। করোনার আগে ২০১৯ সালে হজ করেছেন রেকর্ড ২৫ লাখ মুসল্লি।

মহামারির কারণে যেসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ রয়েছে, সেসব দেশের টিকা নেওয়া ব্যক্তিরাও ওমরার আবেদন করতে পারবেন। তবে টিকা নেওয়া থাকলেও সৌদি আরবে প্রবেশের পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা শুরু হওয়ার পর ওমরা পালন স্থগিত করে সৌদি সরকার। এরপর গত অক্টোবরে সৌদি আরবে অবস্থানরত টিকা নেওয়া মুসল্লিদের ওমরা পালনের অনুমতি দেওয়া হয়। চলতি বছরের জুলাইয়ে আর গত বছরের আগস্টে সীমিত পরিসরে হজ পালনেরও অনুমতি পেয়েছিলেন শুধু সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত অভিবাসীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.