সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে: হাইকোর্ট

নিউজ ডেস্ক।।

ইদানিং সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে। দেখেন না এখন সাংবাদিকতার নামে কী হচ্ছে? কী এক জাহাঙ্গীর বের হয়েছে। আইপি টিভির নামে কত চ্যানেল বের হয়েছে।’
মঙ্গলবার বিতর্কিত হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভির সাংবাদিকতা বাণিজ্যের দিকে ইঙ্গিত করে হাইকোর্ট এসব কথা বলেছেন।

এদিন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকায় আদালতের আদেশ নিয়ে ভুল সংবাদ পরিবেশন সংক্রান্ত বিষয়ে শুনানিকালে দুদক আইনজীবী খুরশিদ আলম খানকে উদ্দেশ্য করে আদালত এসব কথা বলেন।

একই সঙ্গে চট্টগ্রামের যেসব পত্রিকা আদালতের আদেশ নিয়ে ভুল সংবাদ পরিবেশন করেছে, সব পত্রিকাকে সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করতে বলেছেন আদালত। আগামী বুধবার এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

এর আগে খুরশিদ আলম খান আদালতকে জানান, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকা ভুল সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ করে সংশোধনী দিয়েছেন।

দুর্নীতি দমন কশিনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলি সংক্রান্ত কোনো আদেশ স্থগিত করেনি হাইকোর্ট। এরপরও ‘দুদকের সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট’ শিরোনামে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করে।

‘সেই দুদক কর্মকর্তার বদিল আদেশ স্থগিত’ শিরোনামে গত ২৯ জুলাই চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশ হয়। এ সংবাদটি গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের একজন আইনজীবী। তখন বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, না, আমরা এমন কোনো আদেশ দেইনি।

এ সময় আইনজীবী ওই পত্রিকায় প্রকাশিত সংবাদটি আদালতকে দেখান। তখন আদালত দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে ডেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.