নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ হাজারের বেশি প্রার্থীকে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পুলিশ ভেরিফিকেশনের জন্য এসব প্রার্থীদের তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিভিন্ন এমপিও নন-এমপিও শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীর তালিকা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে বলে এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা বলেছেন, পুলিশ ভেরিফিকেশনের পর সুপারিশপত্র প্রকাশ ও যোগদান নিয়ে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, লকডাউনের মধ্যেই আমরা সুপারিশপ্রাপ্তদের তালিকা তৈরি করেছি। এমপিও নন-এমপিও শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীর তালিকা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে জমা দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএ থেকে পাওয়া তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এ প্রক্রিয়ায় কিছুটা সময় সাপেক্ষ।
এদিকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত সুপারিশপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন নিয়োগ সুপারিশের জন্য অপেক্ষার পর এবার সুপারিশপত্র পাওয়ার অপেক্ষা তাদের বিচলিত করছে। প্রার্থীরা দ্রুত যোগদান ও নিয়োগ সুপারিশপত্র প্রকাশ করা দাবি জানিয়েছেন।
নিবন্ধিত প্রার্থীদের নেতা ও শিক্ষক পদে সদ্য সুপারিশপ্রাপ্ত প্রার্থী শান্ত আলী ও হাবিবুল্লাহ রাজু বলেন, আমরা দীর্ঘ অপেক্ষার পর গণবিজ্ঞপ্তি পেয়েছি আমরা। তারপর ফল পেতে অপেক্ষা। এবার যোগদান করতে আবারও অপেক্ষা। আমরা চাই দ্রুত সুপারিশ প্রক্রিয়া শেষ হোক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
