নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের আজ সোমবার পঞ্চম দিন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজও মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
এদিকে কঠোর লকডাউনের মধ্যেই আজ সোমবার ব্যাংক বিমা এবং শেয়ার বাজার খুলেছে। এ কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যক্তিগত যানবাহন ও লোকজনের চলাফেরা বাড়ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে সকালে সড়কের বিভিন্ন চেকপোস্টে কিছুটা জটলা দেখা গেছে।
লকডাউনের শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জনকে এবং চতুর্থ দিনে ৬১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
র্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়।
লকডাউনের তৃতীয় দিনে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয় বলে জানায় ডিএমপি। অপরদিকে লকডাউনের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারা দেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাব। সারাদেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অর্থদণ্ড করেন।
লকডাউনের চতুর্থ দিনে অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয় ওই নির্দেশনায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
