নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের নিয়োগের সুপারিশের বিরুদ্ধে আপিলের আদেশ আগামী ২৮ জুন।
রোববার (২৭ জুন) রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আপিলের শুনানির কথা ছিল। আদালত আগামী সোমবার এ আদেশ দেওয়া হবে বলে জানান।
রোববার (২৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
আদালতে এনটিআরসিএ’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট এম কে রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ এ বিষয়ে বলেন, ‘২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে। কিন্তু দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার আবেদন করেন।’
এর আগে গত ২২ জুন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত না করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।
গত ১৩ জুন নিয়োগের সুপারিশ বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
