নিউজ ডেস্ক।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। নীতিমালার আলোকে যোগ্যতার ভিত্তিতে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হয়ে থাকে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সাংসদ সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত নারী সাংসদ বেগম ফেরদৌসী ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। যেসব জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই সেখানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
দীপু মনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শেষ হওয়ার পর আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। এরপর শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকা দিতে। পরিকল্পনাও নেয়া হয়েছে। বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও অনলাইনে নেয়া হচ্ছে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
