অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮শ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শুক্রবার (১১ জুন) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস কিছুক্ষণ আগে এ সুখবরটি জানালেন। আমরা এ টিকা পাচ্ছি। তবে কতদিনের মধ্যে এ টিকা আসবে তা এখনই জানা যায়নি বলে পররাষ্ট্র মন্ত্রী জানান। তিনি বলেন, সঙ্কটে থাকা বাংলাদেশকে নিজেদের মজুত থেকে করোনাভাইরাসের টিকা দিতে যুক্তরাষ্ট্র সরকার রাজি হয়েছে।
বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দিয়ে গত ফেব্রুয়ারিতে গণটিকাদান শুরু করলেও দুই চালানের পর আর দিতে পারেনি এই টিকা উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট।
ফলে সরকার নতুন করে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেয়। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজও দেওয়া যায়নি।
এই পরিস্থিতিতে সরকার চীন ও রুশ টিকা আনার চেষ্টা করে। যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের জন্য ওই টিকার বিকল্প নেই।
ভারত রফতানির নিষেধাজ্ঞা না তোলায় যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি অতিরিক্ত ডোজ থেকে কিছু টিকা পাঠাতে দেশটির প্রতি আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
