অনলাইন ডেস্ক।।
করোনা পরিস্থিতির কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আজ সোমবার (৭ জুন) ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে।
লকডাউনের কারণে এক মাস বন্ধ রাখার পর গত সপ্তাহ থেকে আবারও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এর আগে পাঁচ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
গত বছরের মতো ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহ শুরুর আগেই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিতে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন আর্থিক চাপে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না।
অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন—এসব মন্তব্যের মাধমে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে তা লিপিবদ্ধ করতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
