উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক :

বৃষ্টিপাত বাড়ায় বাড়ছে উত্তরাঞ্চলের প্রধান প্রধান নদ-নদীর পানি। আর তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

যে কোনো সময় বিপৎসীমা অতিক্রম করে দেখা দিতে পারে বন্যা।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী বুধবার নাগাদ দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থানসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।

এই সময়ে তিস্তা, ধরলা, দুধকুমার, যমুনেশ্বরী, ব্রহ্মপুত্র ও আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন নদ-নদীর পাউবোর পর্যবেক্ষণাধীন ১০১টি পয়েন্টের মধ্যে বেড়েছে ৩৭টি পয়েন্টের পানি। কমেছে ৫৮ টিতে, অপরিবর্তিত ৩টিতে, তথ্য পাওয়া যায়নি ৩টি পয়েন্টের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.