এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক।।

বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে অনেক কিছুর সঙ্গে থমকে আছে দেশের শিক্ষা কার্যক্রমও। যদিও বারবার তাগিদ আসছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার। শিক্ষা মন্ত্রণালয়ও স্কুল-কলেজ খুলে দিতে চায়।

সার্বিক পরিস্থিতি ও সরকারের অবস্থান বিষয়ে জানাতে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলমান পরিস্থিতিতে শিক্ষার সার্বিক দিক ও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অবগত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ-খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, তা করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি ও আন্তঃমন্ত্রণালয়ের মতামত নিয়ে করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দেয়া হতে পারে। এরপর ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা আসতে পারে। সেইসঙ্গে ১৮ বছরের ওপরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে। টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে হবে।

তারা আরও বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বেশি গুরুত্ব দিয়ে ক্লাস করানো হবে। অন্যদের জন্য সপ্তাহে একদিন ক্লাস। অনলাইন ও অফলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে। এসব বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.