এইমাত্র পাওয়া

যে অভিযোগে পুলিশি হেফাজতে সাংবাদিক রোজিনা

নিজস্ব প্রতিবেদক।।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছে শাহবাগ থানা। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সোমবার রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলাদেশ জার্নালকে বলেন, সচিবালয় থেকে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সচিবালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একজন উপসচিব এ মামলা দায়ের করবেন।

কি বিষয়ে মামলা হবে জানতে চাইলে ওসি) মামুন অর রশিদ বলেন, মামলা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। মামলা হলে পরে ব্যবস্থা নেয়া হবে

তবে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু রিপোর্ট করছিলেন। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির রিপোর্ট ছিল। আমরা মনে করছি, এতে তিনি মন্ত্রণালয়ের আক্রোশের শিকার হয়ে থাকতে পারেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.