ঈদের ছুটি শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক।।

আগামীকাল বুধবার (১২ মে) থেকে দেশে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এ বছর ঈদের ছুটির মধ্যে ইতোমধ্যে সাপ্তাহিক ছুটি শুক্রবার পড়েছে। আর রোজা যদি ৩০টা হয় সেক্ষেত্রে শনিবারও ঈদের ছুটিতে পড়বে।

এদিকে, রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে সরকারি ঘোষণা অনুযায়ী ৩ দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ঈদের ছুটি হবে এবং শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে থাকবে। তবে রমজান মাস যদি ৩০ দিনে হয়, সেক্ষেত্রে ঈদের ছুটি হবে চার দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার।

তবে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন বা ৪ দিন যাই হোক, গত বছরের মতো এবারো করোনার সংক্রমণ রোধে সরকারের ঘোষিত বিধিনিষেধের কারণে সংশ্লিষ্ট সকলের নিজ নিজ কর্মস্থলে থাকার বাধ্যবাধকতা রয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে বর্ধিত মেয়াদের লকডাউন, যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে। গত ৫ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সব ধরনের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। অর্থাৎ কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.