স্কুল খোলার পক্ষে ৯৭ ভাগ অভিভাবক

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে এক বছরেরও বেশি সময় ধরে। মাঝে ভাইরাসটির উপদ্রব কমে যাওয়ায় আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেটা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাতে করে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। এক জরিপে দেখা গেছে, স্কুল খোলার পক্ষে ৯৭ ভাগ অভিভাবক।

সম্প্রতি এ সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। স্বনামধন্য প্রতিষ্ঠান দুটির এই গবেষণা জরিপের ফলাফল আজ সোমবার (১০ মে) প্রকাশ করা হয়।

প্রকাশিত জরিপে দেখা গেছে, দেশের ৯৭ দশমিক ৭ শতাংশ প্রাথমিক শিক্ষার্থীর অভিভাবক বলছেন, স্কুল খুললে তারা সন্তানদের স্কুলে পাঠাবেন। আর মাধ্যমিকের ৯৬ শতাংশ অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। স্কুল খোলার এই অনিশ্চয়তার কারণে তারা তাদের সন্তানদের ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ১১-৩১ মার্চের মধ্যে শহর ও মফস্বলের ৬ হাজার ৯৯ জন অভিভাবকের ওপর চালানো এই জরিপ বলছে, দেশের ৫৯ লাখ ২২ হাজার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থী ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শহরের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী কোচিং ও গৃহশিক্ষকের মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেলেও মফস্বলের শিক্ষার্থীর সেই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.