প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক।।

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবারই প্রথম নিজের গল্পে অভিনয় করেছেন। এনটিভিতে প্রচারিত ‘হাউজ নং ৯৬’র বিশেষ সাত পর্বে অভিনয় করছেন তিনি। তানজিন তিশা নিজের গল্প ভাবনায় এই বিশেষ সাতটি পর্বে কাজের মেয়ে আকলিমা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন।

এর আগে তানজিন তিশা’কে কাজের মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যায়নি বলেও দর্শকেরা তাকে এই চরিত্রে গ্রহণ করেছেন। আকলিমা চরিত্রে তানজিন তিশা’র অভিনয় যেমন অনবদ্য হয়েছে তেমনি হাটা চলা, কথা বলার ধরণ সবকিছু তিশা রপ্ত করে নিয়েই অভিনয় করেছেন। শুধু দর্শকই নয় অনেক নির্মাতা, সহশিল্পীরাও তানজিন তিশার এই চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বেশ প্রশংসা করছেন।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নিজের গল্প ভাবনা নিয়ে হিমি ভাই আমার চরিত্রটির উপর গুরুত্ব দিয়ে হাউজ নং ৯৬’ নাটকটির বিশেষ সাতটি পর্ব নির্মাণ করেছেন। তিনি চরিত্রটির জন্য আমার উপর আস্থা রেখেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে ভুলে গিয়ে চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে।

তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে এটাই আমার স্বার্থকতা। নিজের গল্পে নিজেই অভিনয় করে এতো সাড়া পাবো, ভাবিনি। আগামীদিনেও এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই যেখানে নিজের অভিনয়সত্ত্বাকে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।

এই নাটকে তানজিন তিশার কন্ঠে ‘ও মাগো মা’ সংলাপটিও বেশ আলোচনায় এসেছে। এদিকে গত ১৪ এপ্রিল বৈশাখের দিন আরটিভিতে প্রচার হয়েছে সাগর জাহানের পরিচালনায় তানজিন তিশা অভিনীত নাটক ‘টোনাটুনির ভালোবাসা’। তানজিন তিশা আশাবাদ ব্যক্ত করেন যে এই নাটকের জন্যও তিনি বেশ ভালো সাড়া পাবেন। এতে তার বিপরীতে আছেন তাহসান খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.