করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধে শর্ত সাপেক্ষে দেশে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে এর আগে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত শর্ত সাপেক্ষে দেশে সার্বিক কার্যাবলী/চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এরপর স্বাস্থ্যবিধি মেনে ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
পরে এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়ানোর কথা জানায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
