প্রাথমিক আবেদন কার্যক্রমের সময় বাড়ছে না বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে। ফলে ১৫ এপ্রিল প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হবে। ২৩ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে। ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু হবে। গুচ্ছ ভর্তিতে অংশ নিতে রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৩ লাখ আবেদন এসেছে বলে জানা গেছে।
গত ১ এপ্রিল দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা-বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর রোববার বলেন, ‘অনলাইন আবেদন শুরু হওয়ার পর ওয়েবসাইটে তেমন কোনো সমস্যা হয়নি। রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৮২৩টি আবদেন জমা হয়েছে।’
তার মধ্যে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৭১ হাজার ২৫৬ জন, ‘বি’ ইউনিটে বাণিজ্য বিভাগে ৮০ হাজার ৬২৯টি, ‘সি’ ইউনিটে মানবিক বিভাগে ৪০ হাজার ৯৩৭টি আবেদন এসেছে।
টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, কোনো অভিযোগ এলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করা হচ্ছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগকারীরা সমাধান পাচ্ছেন।
তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকট তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেকে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। তাই আবেদনের সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে।
ড. মুনাজ আহমেদ জানান, গুচ্ছ ভর্তিতে আবেদনের সময় আর বাড়ানো হবে না। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। এরপর ২৩ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে। ২৪ এপ্রিল চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু হবে। এ ধাপে শিক্ষার্থীদের ছবি, কেন্দ্র চয়েজ, আবেদন ফি প্রদান করতে হবে। পরবর্তী করণীয় নির্ধারণে চলতি সপ্তাহে গুচ্ছ কমিটির বৈঠক হওয়ায় কথা রয়েছে বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
