দরিদ্র কৃষকের ছেলে আরিফুল মেডিকেলে ভর্তির সুযোগ পেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের হতদরিদ্র কৃষক আবুল কাশেম ও রেনু বেগমের ছেলে আরিফুল ইসলাম (১৮)। সে এবার এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ২৩৩৩ তম হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

আরিফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে সে ৭১.২৫ নম্বর পেয়েছে।

এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, তার অদম্য ইচ্ছা শক্তিই তাকে এ সফলতা এনে দিয়েছে। শিক্ষা জীবনজুড়েই সে আর্থিক অভাব অনটনের মধ্যে দিয়ে লেখাপড়া চালিয়ে গেছে। মেধার জোরেই সে তার সব বাঁধা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে।

এ বিষয়ে মো. আবুল কাশেম ও রেনু বেগম জানান, তাদের ৪ সন্তানের মধ্যে আরিফুল সবার ছোট। তাদের একটি টিনের ঘর ছাড়া আর কিছু নেই। এ ঘরেই পরিবারের সবাই থাকেন। আরিফুলের বোন দুটির বিয়ে হয়েছে। বড় ভাই আবু রায়হান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স পড়ছে। আরিফুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, সে পিএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৩ ,জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও ট্যানেলপুলে বৃত্তি, এসএসসিতে জিপিএ ৫ ও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ছোট থেকেই তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। সে স্বপ্ন প‚রণের জন্য সে কঠোর অধ্যবসায় করেছে।

তারা আরও বলেন, আরিফুলকে কোনো সময় একটা ভাল পোশাক কিনে দিতে পারিনি। যা দিয়েছি তাতেই সে সন্তুষ্ট থেকেছে।

এ বিষয়ে আগনুকালী গ্রামের মামুন বিশ্বাস ও অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাহবুবুল হোসেন জোস্না বলেন, আরিফুল অত্যন্ত মেধাবী ছেলে। সে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা তার জন্য গর্বিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.