ঢাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

নিউজ ডেস্ক।।

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম আবিদ হাসান রাসেল। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।

 বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্ত্বরে তার ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ‘জেয়াফত’ নামে একটি কর্মসূচি দেয় ‘বাংলাদেশের জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম। বিকেলে ওই কর্মসূচির জন্য সঞ্জীব চত্ত্বরে রান্নার কাজ চলছিলো। তবে কর্মসূচি শুরুর আগে উপস্থিত আন্দোলনকারীদের মারধর করে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার ভিডিও ধারণের সময় ‘সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও’ রাসেলের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার নেতৃত্ব দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি উৎপল দাস। হামলা থেকে বাঁচতে রাসেল টিএসসির ভেতরে যাওয়ার চেষ্টা করলেও টিএসসির গেট বন্ধ থাকায় সেখানে গিয়ে তাকে পেটায় হামলাকারীরা। জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদার,তানশেনসহ চার-পাঁচ জন বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথা, পিঠ ও ডানহাতে ব্যাপক মারধর করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার বিষয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.