বাংলা একাডেমিতে স্বাস্থ্যবিধি মানতে কঠোর হচ্ছে

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে শুরু থেকেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। সবাইকে তাপমাত্রা পরীক্ষা, স্যানিটাইজ করে এবং মাস্ক পরে মেলায় প্রবেশ করতে দেওয়া হয়। সম্প্রতি করোনার পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে এ বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করলেও মাস্ক ছাড়া কারও কাছে যেন বই বিক্রি না করা হয় সে জন্য মেলা প্রাঙ্গণে র‌্যালি করে স্টলে অবস্থানরতদের জানানো হয়েছে। র‌্যালিতে অমর একুশে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদসহ লেখক-প্রকাশকরা অংশ নেন।

জালাল আহমেদ বলেন, করোনা ভাইরাসের মতো মহামারীকে কারও একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য দরকার সবার সহায়তা। সবাইকে নিজ নিজ অবস্থানে সচেতন হতে হবে। মেলা প্রাঙ্গণে যেন কেউ মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে না পারে সে জন্য প্রতিনিয়ত মেলা পরিচালনা কমিটির লোক সোচ্চার থাকবে। মাস্ক ছাড়া কেউ স্টলে এলে তার কাছে বই বিক্রি করা হবে না- এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল ছিল বইমেলার অষ্টম দিন। এদিন মেলা শুরু হয় বিকাল ৩টায়। মেলায় নতুন বই এসেছে ১১৭টি। বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বাংলাদেশের গণহত্যা ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন স্বদেশ রায়। আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক), আহম্মেদ শরীফ এবং চৌধুরী শহীদ কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুনতাসীর মামুন। এ ছাড়া লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সরকার মাসুদ, কাজী রাফি ও আহম্মেদ শরীফ।

মূল মঞ্চে আলোচনায় আলোচকরা বলেন, ১৯৭১ সালে বাঙালিদের ওপর মানব ইতিহাসের নিষ্ঠুরতম ও বর্বরোচিত গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ভাষ্য তৈরি করা হয়, সেখানে গণহত্যার বিষয়টি উপেক্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বিজয়ের ইতিহাস যেমন প্রয়োজন, তেমনি গণহত্যার ইতিহাসকেও তুলে ধরতে হবে। ১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতীয় ঐকমত্য একান্ত জরুরি। সেই সঙ্গে গণহত্যা বিষয়ে নিবিড় গবেষণা ও আন্তর্জাতিক মাধ্যমে সেসব গবেষণার ফল তুলে ধরতে হবে।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও। অমর একুশে বইমেলার নবম দিনে আজ মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এর আগে সকাল ৮টায় বাংলা একাডেমির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থতি শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৪টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন শাহরিয়ার কবির এবং মোহাম্মদ হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক শামসুজ্জামান খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘ভৈরব পাড়ের কন্যা’র মোড়ক উন্মোচন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। গতকাল দুপুরে মিরপুরে মাশরাফির নিজ কার্যালয়ে এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় মাশরাফি নবীন এই কবির কাব্যগ্রন্থের জন্য শুভকামনা জানান। এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

বেহুলা বাংলা প্রকাশনী প্রকাশিত ‘ভৈরব পাড়ের কন্যা’ পাওয়া যাচ্ছে বইমেলার ৫২১, ৫২২ ও ৫২৩ নম্বর স্টলে। বইটি আরও পাওয়া যাবে নড়াইল সদরের পুরনো বাস টার্মিনালের দিশারী লাইব্রেরি ও রূপগঞ্জের সিদ্দিকীয়া লাইব্রেরিতে। এ ছাড়া দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে রকমারি ডটকমে অর্ডার করে সংগ্রহ করা যাবে বইটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.