নিউজ ডেস্ক।।
চৈত্রের মাঝামাঝিতে বাংলাদেশে গরম একটু বেশিই থাকে। বৃষ্টি না ঝরায় রোদ্রের অসহ্য তেজ। রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে টানা চারদিন ধরে চলা তাপপ্রবাহে কাতর জনজীবন। যদিও গতকাল বৃহস্পতিবার উত্তপ্ত আবহাওয়া কিছুটা নমনীয় হওয়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস।
আজ শুক্রবার থেকে কমতে পারে তীব্রতা। সম্ভাবনা রয়েছে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টিরও। তবে কোথাও কোথাও আবার বজ্র অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও দেখছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ একেএম নাজমুল হোসেন জানান, দেশের অধিকাংশ স্থানে বয়ে যাওয়া দাবদাহ ধীরে ধীরে কমে আসছে। চৈত্র মাস হওয়ায় তাপমাত্রা খুব বেশি যে কমবে তা-ও না। তবে বৃষ্টির একটি আভাস পাওয়া গেছে। মেঘ ফেটে বৃষ্টি ঝরলেই কমতে পারে তাপমাত্রা।
তিনি আরও জানান, গত কয়েকদিনে দেশের কয়েকটি এলাকার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রিতে গিয়ে ঠেকেছিল। গতকাল সেটা ৩৮ ডিগ্রির নিচেই ছিল। এটি ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৮ মার্চের পর থেকে। এখনকার বৃষ্টি মানে সঙ্গে ঝড় হবেই। তবে বৃষ্টিপাত কোথাও স্থায়ী হবে না। দুই-এক ঘণ্টা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। ওই স্থানগুলোতে গড়ে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। কিছু এলাকায় সেটা প্রশমিত (কমে) হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে।
তাপমাত্রার ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
