বাগেরহাটের রামপাল উপজেলায় শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজি আরিফ কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ওসমান গনি শ্রিফলতলা উত্তরপাড়া হাজি আরিফ কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে।
আহত মো.শুকুর শেখ (১১) ওই মাদ্রাসার নজরানা বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মো. মনি শেখ।
এর আগে সন্ধ্যায় এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. মনি শেখ বাদী হয়ে শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনির বিরুদ্ধে মামলা করেন।
থানা পুলিশ জানায়, ভালো পড়াশোনা না করার অপরাধে রোববার সকালে মাদ্রাসার ফ্যানের রডের সঙ্গে ঝুলিয়ে শিক্ষার্থী মো. শুকুর শেখকে মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি।
বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় মামলা করেন। ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভালো, সে বাড়িতে রয়েছে।
রামপাল থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের মামলায় আমরা মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে গ্রেফতার করেছি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
