এইমাত্র পাওয়া

১৮ মন্ত্রণালয়ের মত নিয়ে চুড়ান্ত হচ্ছে শিক্ষা আইনের প্রণীত খসড়া

অনলাইন ডেস্ক ||

শিক্ষা আইনের খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রণীত খসড়া চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে আগামী ৩১ মার্চ সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় ১৮ মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা তার প্রতিনিধি শিক্ষা আইনের প্রণীত খসড়ার ওপর মতামত দেবেন। খসড়া চূড়ান্ত করে আগামী এপ্রিল মাসে তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নোট-গাইড বই প্রকাশনা নিষিদ্ধ করে সম্প্রতি ‘শিক্ষা আইন-২০২১-এর খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শর্তসাপেক্ষে ‘সহায়ক বই’ প্রকাশ ও বাজারজাতকরণের সুযোগও রাখা হয়েছে আইনে। আবার শিক্ষকদের প্রাইভেট-টিউশনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শর্তসাপেক্ষে অর্থাৎ নিবন্ধনের মাধ্যমে ‘ফ্রিল্যান্স কোচিং’ পরিচালনার সুযোগ রাখা হয়েছে খসড়ায়। যদিও আইনে নিবন্ধনের সুযোগ রেখে কোচিং বৈধতা দেয়া কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মত দিয়েছেন শিক্ষাবিদরা।

মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে জানা গেছে, শিক্ষা আইনের খসড়ার ওপর মতামত জানতে ১৮ মন্ত্রণালয়ের সচিব বা তার প্রতিনিধিকে আগামী ৩১ মার্চের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন বিকেল তিনটায় সভা অনুষ্ঠিত হবে। আন্তঃমন্ত্রণালয় এ সভায় সরাসরি বা ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পাবেন কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

 সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষা আইনের খসড়ার ওপর মতামতসহ সভায় তাদের অংশগ্রহণ করতে বা মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার কোন প্রতিনিধি মনোনয়ন করার অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.