নিউজ ডেস্ক।।
শিশু-কিশোরদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে (ভার্চুয়াল) এই আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।
শিশু কিশোরদের উদ্দেশে তিনি বলেন, “সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা। তাহলে জীবনে বড় হতে পারবে। জীবনটাকে উন্নত করতে পারবে। বাবা-মা… তাদের মুখও উজ্জ্বল হবে।”
পড়ালেখা ও নৈতিক চর্চার মাধ্যমে নিজেদের ‘যোগ্য’ হিসেবে গড়ে তোলার জন্যও শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
“আমি ছোট্ট সোনামনি তোমাদের কাছে এটাই চাই, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর কর, লেখাপড়া শেখ। সেই সাথে সাথে তোমাদের দরকার হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানা, অভিভাবকদের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, শিক্ষকদের কথা মেনে চলা, এটা কিন্তু খুব দরকার।”
আজকের শিশুই যে আগামী দিনের ভবিষ্যত, সেই কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের এই শিশুরা, তারাই তো একদিন আমাদের মত প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে বা বড় বড় বৈজ্ঞানিক হবে। তারা যেন নিজেদের গড়তে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি।”
করোনাভাইরাস মহামারীর স্কুল-কলেজে যেতে না পারায় শিশুরা যে কষ্টে আছে, সেটা উপলব্ধি করার কথাও শেখ হাসিনা বলেন।
তিনি বলেন, “তারপরও আমি বলব, তোমরা ছোট্ট সোনামনিরা, তোমরা ঘরে বসে পড়াশোনা কর এবং সেই সাথে খেলাধুলাও করবে। আমরা এটাই চাই যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এগুলো একান্তভাবে অপরিহার্য। তোমরাই তো ভবিষ্যৎ, তোমরাই এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
“করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে। স্কুল আমরা তখনই খুলে দেব। তোমরা স্কুলে যেতে পারবে। সেই সাথে সাথে খেলাধুলাও তোমরা করতে পারবে এবং এখনো করতে পার।”
নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ প্রণয়ন করেছে। শিশুর উপর কোনো রকম অত্যাচার-নির্যাতন যেন না হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
