সংশোধিত এমপিও নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে

নিউজ ডেস্ক।।

সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর খসড়া অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ থেকে নীতিমালার খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর নীতিমালাটি জারি করা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়ে খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখানে শিক্ষামন্ত্রী চাইলে কিছু পরিবর্তন-পরিমার্জন করতে পারবেন। তিনি অনুমতি দিলে শিগগিরই এটি নীতিমালা হিসেবে প্রকাশ হবে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সংশোধিত নীতিমালাটি ৬৫ পৃষ্ঠায় লেখা হয়েছে। নীতিমালার খসড়ায় কিছু নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।নতুন এমপিওভুক্তির লক্ষ্যে ২০১৮ সালের ১২ জুন ‘জনবল কাঠামো ও এমপিওভুক্তির নীতিমালা’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালার ভিত্তিতেই এখন থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানায়, চলতি অর্থবছরে এমপিওভুক্তির সম্ভাবনা কম হলেও নতুন নীতিমালা জারির পর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু করা হতে পারে।

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে নীতিমালার পরিবর্তনগুলো তুলে ধরবেন। শিগগিরই এ নীতিমালা জারি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এদিকে অনার্স-মাস্টার্স শিক্ষকদের নিয়োগ, কলেজ ও বিষয় অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতামত ও তথ্য-উপাত্তে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়। যে কারণে আপাতত অনার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ নেই বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.