এইমাত্র পাওয়া

সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে ফের নির্দেশনা

নিউজ ডেস্ক।।

সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকা বাধ্যতামূলক করেছিল আগেই। কিন্তু অনেকে তা মানছেন না। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ আবারও একই নির্দেশনা দিয়েছে। বলেছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে এই সময়ে অফিসে অবস্থান করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ১০ মার্চের এ নির্দেশনাপত্র সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। আগের এক নির্দেশনাপত্রের সূত্র ধরে নতুন করে এ নির্দেশনাপত্র দিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হয়। এক্ষেত্রে সম্প্রতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন করা অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারি কাজের গতিও ধীর হচ্ছে।

এর আগে ২০১৯ সালের আগস্টে মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে নির্দেশ দেওয়া হয়। তবে অফিসের নির্ধারিত সময় ‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা’ আগের মতোই থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.