এইমাত্র পাওয়া

গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র অপহরণ : ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।

গাজীপুরে মুক্তিপণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে অপহৃত ওই শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র সদস্যরা। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য ছয় যুবককে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলোÑ গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার উত্তর পানিশাইল পাহাড়িটেক এলাকার মনির হোসেনের ছেলে মহিন (১৯), বি-বাড়ীয়ার কসবা থানার কামালপুর এলাকার মৃত কামাল মিয়ার ছেলে আফজাল হোসেন নাঈম (২০), একই থানার চৌমুহনী এলাকার জামাল ভূঁইয়ার ছেলে শুভ (২৫), নরসিংদীর মনোহরদী থানার চর তারাকান্দি এলাকার সফুর উদ্দিনের ছেলে করিম মিয়া (২১), বি.বাড়ীয়ার নবীনগর থানার শিবপুর এলাকার হোসেন মিয়ার ছেলে রাসেল (২০) ও গাজীপুর নিটি করপোরেশনের সদর থানার নলজানী এলাকার আয়নাল হোসেনের ছেলে মামুন (২২)।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ভগবান নগর এলাকার সব্দুল মণ্ডলের ছেলে জীবন মণ্ডল (২০) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

ঢাকায় বিমান বাহিনীর চাকরির ‘ইন্টারভিউ’ দিতে এসে তিনি আশুলিয়া এলাকায় এক আত্মীয়ের বাসায় উঠেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাতের জন্য তাকে গাজীপুরের জিরানী এলাকার ফুটওভার ব্রিজের নিচে ডেকে নেয় অপহরণকারী চক্রের সদস্য শুভ। সেখান থেকে অপহরণকারীরা জীবন মণ্ডলকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে আটকে রাখে ও মারধর করে।

পরে অপহরণকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে তার বাবার কাছে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ছেলেকে বাঁচানোর জন্য তিনি অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা দেন।

তিনি জানান, খবর পেয়ে গত বুধবার রাতে পিবিআই-এর সদস্যরা গাজীপুরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিসাইল এলাকারা হাজী নজরুল ইসলাম বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া শুভ ও করিম মিয়ার কক্ষ থেকে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় অপহৃত জীবন মণ্ডলকে উদ্ধার করে পুলিশ।

আহত জীবন মণ্ডলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য ওই ৬ যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে মহিন ও আফজাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন অপহৃতের বাবা। গ্রেফতারকৃতরা অপহরণ চক্রের সক্রিয় সদস্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.