এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

১ মার্চ সোমবার বিকেলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে উন্নয়ন কাজ শেষ হলে ফাউন্ডেশনে নতুনত্ব আসবে। ফলে দর্শনার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সরকারের রাজস্বও বাড়বে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের দোকান বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অনেক কারুশিল্প এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। কারুশিল্পদের এ কাজে উজ্জীবিত করতে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রকৃত কারুশিল্পীদের দোকান বরাদ্দ দিবো।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে সোনারতরী লোকজ মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। এসময় স্থানীয় আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ মহাজোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩ জন প্রথিতযশা কারুশিল্পী পটুয়াখালীর মৃৎশিল্পী বিশ্বেশ্বর পাল, কিশোরগঞ্জের নকশি পিঠা শিল্পী শামসুন্নাহার বেগম ও কুমিল্লার খাদি তাঁতশিল্পী চিন্তা হরন দেবনাথকে স্বর্ণপদক ও নগদ ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিমন্ত্রী কেএম খালিদ লোক জীবন প্রদর্শনী ও গ্রামীন খেলা ও মেলা প্রাঙ্গন পরিদর্শন করে। দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্ত লোকজ ঐতিহ্যেকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর লোকজ মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে থাকে। এ বছর মেলায় ৭৫টি স্টল স্থান পেয়েছে। মেলা চত্বর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.