অনলাইন ডেস্ক ||
পূর্ব রুটিন অনুযায়ীই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুরেই শুরু হয়। ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শর্তে রয়েছে- পরীক্ষা চলাকালে হল খোলা যাবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে।
তবে সাত কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পর এসব প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হবে। আজকের সভার সিদ্ধান্ত অনুয়ায়ী সাত কলেজের পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।আজকের (২৪ ফেব্রুয়ারি) নির্ধারিত পরীক্ষা ৭ মার্চ ও ২৫ তারিখের পরীক্ষা ১৩ মার্চ নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
