আজমাল হোসেন মামুন:
১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের সেমিনারের আয়োজন করা হয়।
এ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সরকার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর-উন নাহার রুবিনা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার শাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার এসকে আখতারুজ্জামান। জেলার উপজেলা সদরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, স্বরুপনগর মোহর আলী উচ্চ বিদ্যালয়, তাজকেরাতুন স্বরুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৬৩ নং মোশারীবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ৪১ জন শিক্ষক-শিক্ষিকা সেমিনারে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। অপসংস্কৃতি থেকে সকলকে দূরে থাকতে হবে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক দুর্লভ ডকুমেন্ট তৈরি করেছে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য উপস্থাপনের জন্য।
চর্চা হোক সুন্দর, চর্চা হোক শুদ্ধ, চর্চা হোক আমাদের এ মূল মন্ত্রকে সামনে রেখে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য উপাত্ত তুলে ধরার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ করতে হবে।এটি সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
প্রেজেন্টেশন উপস্থাপন শেষে অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনা হয়। মুক্ত আলোচনায় জাতির পিতার ভাষণ নিয়ে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধাদের ভাষণ নিয়ে আলোচনা, মুক্তিযুদ্ধ বিষয়ক ফ্লিম, মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্লভ চিত্র, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, লিখিত কুইজ প্রতিযোগিতা, সব শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ার ব্যবস্থাকরণ এবং অভিজ্ঞ শিক্ষার্থীদের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের ব্যাপারে তুলে ধরা হয়।

সেমিনারে সকল অংশগ্রহণকারীকে অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৭ হতে ২০২২ সাল পর্যন্ত সময়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা-উপজেলায় ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে । এছাড়াও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ভ্রাম্যমাণ জাদুঘর বাসের মাধ্যমে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কর্মসূচি পালন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
