নিজস্ব প্রতিনিধি।।
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়ছে কি না, তা জানা যাবে আজ (১৪ ফেব্রুয়ারি)। বাড়লেও তা কতদিন, সে বিষয়েও ওইদিন জানা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, তা রোববার জানিয়ে দেওয়া হবে।
গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, চলমান ছুটির মেয়াদ আরো পাঁচদিন আছে। এর মধ্যে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
ছুটি আরো বাড়ছে কি না- জানতে চাইলে সচিব বলেন, করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। টিকাদান শুরু হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়। তবে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করার কথা বলেছেন। আমরাও পর্যবেক্ষণ করতে চাই। সব প্রস্তুতি আমাদের আছে। সরকারের সর্বোচ্চ মহলের সম্মতি পেলেই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস দেখতে চান বলে জানিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী, চলমান ছুটি আরেক দফা বাড়ানো হতে পারে। তবে সেটি ১৫ দিন নাকি ৩০ দিন হবে সে সিদ্ধান্ত শুধুমাত্র প্রধানমন্ত্রী দেবেন। ছুটি বাড়লে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু কওমি মাদরাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। এছাড়া সংসদ টিভি, রেডিও, অনলাইনে ক্লাস চলমান থাকবে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য গত ২২ জানুয়ারি একটি গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গাইডলাইনে করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়। এতে ৪ ফেব্রুয়ারির পর যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রতিষ্ঠান প্রধানদের পরিচ্ছন্নতা সম্পন্ন করতে বলা হয়। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত থাকার কথাও বলা হয়।
গাইডলাইন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, এমন এক কর্মকর্তা বলেন, ৭ ফেব্রুয়ারি দশম-দ্বাদশ শ্রেণি ক্লাসের শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি ছিল। সেভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অন্তত ১৫ দিন সময় দিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়। কিন্তু ফেব্রুয়ারিতে হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাসটা দেখার কথা জানান। তবে এখন করোনার পরিস্থিতি উন্নতির দিকে। ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর একই বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটির মেয়াদ রয়েছে এ বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
