অনলাইন ডেস্ক ||
আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের শেষ পর্যন্ত যেতে পারে। এরপর মার্চে প্রথম সপ্তাহ থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রথমে ২০২১ সালের এসএসসির ব্যাচ দশম ও এইচএসসির ব্যাচ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার। এরপর ধীরে ধীরে অন্যান্য ক্লাস চালু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এমন তথ্য জানিয়েছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বলেন, চলমান ছুটির মেয়াদ আরও পাঁচ দিন আছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
ছুটি কি আরও বাড়ছে- জানতে চাইলে সচিব বলেন, করোনার পরিস্থিতি এখন ধীরে ধীরে ভালোর দিকে। টিকাদান শুরু হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়। তবে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করার কথা বলেছেন। সেটি আমরা দেখতে চাই।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সরকারের সর্বোচ্চ মহলের সম্মতির পেলেই আমরা খুলে দেবে।
জানা গেছে, ২২ জানুয়ারি (শুক্রবার) দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য একটি গাইড লাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়।
এতে বলা হয়, ৪ ফেব্রুয়ারির পর যেকোনও দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রতিষ্ঠান প্রধানদের পরিচ্ছন্নতা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। এতে আরও বলা হয়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত থাকতে হবে।
ওই গাইড লাইন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন কর্মকর্তা বলেন, ৭ ফেব্রুয়ারি দশম-দ্বাদশ শ্রেণি ক্লাসের শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি ছিল। সেভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অন্তত ১৫ দিন সময় দিয়ে গাইড লাইন প্রকাশ করা হয়। কিন্তু ফেব্রুয়ারিতে হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাসটা দেখার কথা জানান। তবে এখন করোনার পরিস্থিতি উন্নতির দিকে। আস্তে আস্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সব শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে হবে না। শুধু দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে। অন্যরা সপ্তাহে একদিন এসে পুরো সপ্তাহ বাড়ির কাজ নিয়ে যাবে। করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পর্যন্ত এভাবে শিফটিং করে ক্লাস করানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
