এইমাত্র পাওয়া

এসএসসি ও এইচএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস অর্ধেক করা হচ্ছে

অনলাইন ডেস্ক ||

প্রায় ৫০ শতাংশ কমিয়ে শিক্ষার্থীর কথা বিবেচনায় এসএসসি ও এইচএসসির নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করা হয়েছে।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত সিলেবাসের প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। তারপর যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় অনুমোদন দিলেই শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গণমাধ্যমকে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস পুনরায় প্রস্তাব করা হয়েছে। এ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবটি পাঠানো হবে।

এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে ২০২১ সালের ২৭ জানুয়ারি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের ৬০ দিন এসএসসির এবং এইচএসসির ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ৯ মে থেকে এসএসসির এবং ১৫ জুন এইচএসসির সব ক্লাস শেষ করে জুনে এসএসসি ও জুলাই বা আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এ সময়ের মধ্যে যতটুকু পড়ানো যাবে ততটুকু সিলেবাস সংক্ষিপ্ত করা হবে। এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে পরীক্ষা প্রশ্ন ও উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

শিক্ষামন্ত্রীর এমন নির্দেশনার পর এসএসসি-এইচএসসির প্রত্যেকটি শ্রেণিতে দুই দিন করে ওয়ার্কশপ করে সংক্ষিপ্ত সিলেবাসের কাজ মঙ্গলবার শেষ করেছে এনসিটিবির বিশেষজ্ঞরা।

বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.