নিজস্ব প্রতিনিধি।।
করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ১২ দিনের মধ্যে বই বিতরণ সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় দীপু মনি বলেন, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বই দেয়া হবে। আগামী ১২ দিনে সারা দেশে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ৯৪ হাজার ২৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) শিশুদের জন্য পাঁচটি ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ২ লাখ ১৩ হাজার ২৮৮ টি বিশেষ ভাষায় বই বিতরণ করা হবে। তবে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা তাদের ভাষায় শুধুমাত্র বাংলা বইটি পাবে। এবার ৯ হাজার ১৯৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
