অনুমোদন ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

সিন্ডিকেট সূত্র জানায়, অধ্যাপক মুফিজুর রহমান ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন থেকে মিডিয়া স্টাডিজ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রি অর্জন করতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেননি। এটা নিয়ে পরবর্তী সময়ে বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন- ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কমিটির অন্য দুই সদস্য হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির।

এ প্রসঙ্গে অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল বলেন, বিভাগ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে অধ্যাপক মফিজুর রহমানের সঙ্গে দুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.