নিজস্ব প্রতিবেদক:
সারাদেশেই চলছে শৈত্যপ্রবাহ। গত দুই দিনে বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারও নতুন করে কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শনিবার থেকে আবারও সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, সপ্তাহের শুরুতে যে পরিমাণ এলাকায় শৈত্যপ্রবাহ ছিল আজ তা নেই। তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে একই সময়ে বেড়ে গেছে কুয়াশার পরিমাণ। তবে নদীর তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ এখন বেশি। আগামী ২৬ ডিসেম্বর রাত থেকেই তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।
কুয়াশার বিষয়ে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে। জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা পাওয়া যাবে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই দিন গড়ে ৭ ডিগ্রি করে ছিল। এদিকে ঢাকায় বৃহস্পতিবার ১৩ দশমিক ৪, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, সিলেটে ১৫, রাজশাহীতে ১২, রংপুরে ১৩ দশমিক ৯, খুলনায় ছিল ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
