নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভক্তিকরণ লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানা গেছে। ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন প্রতিষ্ঠানটির সচিব রফিকুল ইসলাম।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আইনজীবী তালিকা ভুক্তি করতে পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এর মধ্যে মোহাম্মাদপুর মহিলা কলেজ, মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মাদপুর মডেল স্কুল এন্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে নাগাদ এ পরীক্ষা নেওয়া তা নির্ধারণ করেনি বার কাউন্সিল।
আর এসব পরীক্ষা কেন্দ্রে যারা বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২৪ ডিসেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর বার কাউন্সিল লিখিত পরীক্ষার আয়োজন করে আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভর্মেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজে।
এবারের লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই জড়িয়ে পড়েন বিশৃঙ্খলায়। এ ঘটনায় রাজধানীর কয়েক থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে। এদের মধ্যে ২৪ জনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেছে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
