নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগামী ৫ থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বছরের পুলিশ সপ্তাহও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুধবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন পিছিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারি নেওয়া হয়। ৩ দিনের এই ডিসি সম্মেলন ৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। গত বছর ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর তিন দিন করা হয়েছিল। করোনার কারণেই ডিসি সম্মেলনের সময় দুই দিন কমিয়ে আনা হয়।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে এবার এখনও এই সম্মেলন আয়োজন করতে পারেনি সরকার। গত বছরের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছে। এর আগে ডিসি সম্মেলন হতো তিন দিনব্যাপী, গত বছর থেকে তা পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন।
ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য অধিবেশন, একটি উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকে।
গত বছরই জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন। কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকেন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দিয়ে থাকেন।
অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। অধিবেশনগুলো হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। মন্ত্রিপরিষদ সচিব কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
