হাঁস বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষকের

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে হাঁস বাঁচাতে ট্রাক ব্রেক করলে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগলে তারা নিহত হন।

নিহতরা হলেন- রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও ওই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)।

নিহত বাবুল রাজিহার গ্রামের আবদুল হাকিম সরদারের ছেলে ও দুই পুত্রসন্তানের জনক। বাসুদেব রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের নতুন বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে নিজেদের স্কুলে ফিরছিলেন ওই দুই শিক্ষক। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে একই দিক থেকে যাওয়া ট্রাক হাঁসের দল বাঁচাতে ব্রেক করলে পেছন দিক দিয়ে এসে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী শিক্ষকদের।

ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলচালক সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস ও প্রধান শিক্ষক বাবুল সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত প্রধান শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে কোনো চিকিৎসা প্রদানের আগেই তিনি সোয়া ৫টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক নিহতের সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। নিহতের পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.